
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান এবং মহাসচিবের নতুন বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জাতিসংঘের মুখপাত্রের দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাবাব ফাতিমা এই পদে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার দায়িত্ব পালনকালে রোজা ওতুনবায়েভার নিষ্ঠার প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কানাডার জর্জেট গ্যাননকেও তার কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহাসচিব।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কর্মরত রয়েছেন।
এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন এবং একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯: ৪৮আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯: ৪৯