
মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছাকাছি এলাকায়।
এই শক্তিশালী ভূকম্পনটি কেবল মেক্সিকোতেই নয়, প্রতিবেশী দেশ গুয়েতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই মেক্সিকো ও গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। প্রাথমিক সতর্কতায় জানানো হয়েছিল যে, উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। পরবর্তী সময়ে মেক্সিকোর নৌবাহিনী জানায়, সমুদ্রের পানির উচ্চতা সীমিত পরিমাণে বাড়তে পারে এবং উপকূলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু মানুষ তাদের ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। গুয়েতেমালার কয়েকটি এলাকায় ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু অঞ্চলে সতর্কতা হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।