
গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই ভয়াবহ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। দুর্যোগে প্রাণ হারানো ৫ হাজার ৬৯ জনের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা বলে জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৪ জুন, যখন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।
ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আহতদের বেশিরভাগই ইতিমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
পুনর্গঠন কাজের বিষয়ে শুক্রবার দেলসি রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে দুর্যোগের ফলে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। এসব ক্যাম্পের অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম অভাব রয়েছে বলে জানা গেছে।