একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খান বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তবে ২০২০ সালে করোনা মহামারির সংকটের সময় তিনি আকস্মিকভাবে অভিনয় ও শোবিজ অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই তিনি ধর্মীয় জীবন ও আধ্যাত্মিকতায় মনোযোগী হন। জীবনযাত্রায় বড় ধরনের এই পরিবর্তন আনলেও প্রাক্তন এই অভিনেত্রী জানিয়েছেন, প্রতি রাতে ঘুমানোর আগে তিনি এক অদ্ভুত ভয়ের মুখোমুখি হন।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সানা খান তার জীবনের বর্তমান মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, মৃত্যুর পরের জীবন নিয়ে তিনি ভীষণ দুশ্চিন্তায় থাকেন এবং প্রায় প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কান্নায় ভেঙে পড়েন। সানা বলেন, “প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কাঁদি। কারণ আমি জানি না আমার শেষ পরিণতি কী হবে!” তিনি আরও স্পষ্ট করেন যে, জীবনধারা পরিবর্তন করলেও তিনি নিজেকে অন্যদের চেয়ে বেশি ধার্মিক বা আধ্যাত্মিক মনে করেন না।
হিজাব পরার সিদ্ধান্তটি কারো চাপে নেওয়া নয় বলে দাবি করেন সানা। তিনি জানান, শালীন পোশাকের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও হিজাবের সৌন্দর্যের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তিনি এই পথ বেছে নিয়েছেন। বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে বলতে গিয়ে তিনি জানান, বিভিন্ন পার্টিতে দম্পতিদের আলাদা জীবনযাপন তাকে বারবার ভাবিয়ে তুলত যে, ভবিষ্যতে তিনি এমন জীবন চান কি না।
সানা খানের জীবনে বড় পরিবর্তন আসে সৌদি আরবে ওমরাহ পালনের সময়। তিনি জানান, অর্থ ও খ্যাতি থাকার পরও তিনি সবসময় এক ধরনের অপরাধবোধে ভুগতেন। মনে হতো তার জীবন এমন পথে এগোচ্ছে যা তিনি অন্তর থেকে চান না। এরপর তিনি আল্লাহর কাছে সঠিক পথনির্দেশনা ও হালাল জীবিকার জন্য দোয়া করেন। যদিও বিলাসী জীবন ছেড়ে আসা সহজ ছিল না, তবুও বিশ্বাসের খাতিরে তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন।
ব্যক্তিগত জীবনে সানা খান কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন, যার বিচ্ছেদ হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, খ্যাতি ও অর্থই জীবনের লক্ষ্য নয়, বরং তিনি সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলতে চান। একই বছরের শেষের দিকে তিনি মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হি হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে সানা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে তিনি ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’-র মতো রিয়েলিটি শোতেও তাকে দেখা গেছে।