
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ১৯ বছর বয়সী তরুণী সুমাইয়া আক্তার। বাসার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে তিনি গুলিতে ঝাঁঝরা হন। এই ট্র্যাজেডির পর প্রায় দুই বছর কেটে গেলেও সুমাইয়ার রেখে যাওয়া শিশুকন্যা সোয়াইবার ভবিষ্যতের দায়িত্ব নেয়নি কেউ। অভাব-অনটনের সংসারে নাতনির ভবিষ্যৎ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে নানি আসমা বেগমের। অসহায় এই পরিবারটি এখন নাতনির সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমান সরকারের জরুরি হস্তক্ষেপ ও স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুমাইয়া আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার প্রয়াত সেলিম মাতবরের মেয়ে। তার স্বামী মো. জাহিদ একটি পোশাক কারখানার কর্মী এবং তারা সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুমাইয়া নিজেও আগে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর চাকরি ছেড়ে তিনি কুমিল্লার শ্বশুরবাড়িতে চলে যান। সন্তান প্রসবের পর গত ১২ মে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় মা আসমা বেগমের ছয়তলা ভবনের বাসায় আসেন সুমাইয়া। এর মাত্র আড়াই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যাসন্তান সোয়াইবার জন্ম হয়েছিল। সন্তান প্রসবের পর অস্ত্রোপচারের ক্ষতও তখনো পুরোপুরি শুকায়নি। সেখান থেকে এক সপ্তাহ পর শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কথা থাকলেও তার আগেই গুলিতে প্রাণ হারান তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার মা আসমা বেগম জানান, জীবিকার তাগিদে তিনি স্বামীর সঙ্গে গ্রাম থেকে শহরে এসেছিলেন। তবে কোভিড মহামারির সময়ে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত তার স্বামী মারা যান। এরপর তিনি তার আদরের মেয়ে সুমাইয়াকেও হারিয়েছেন। বর্তমানে আসমা বেগমের দুই ছেলে সজল ও শাকিল কোনোমতে সংসার চালাচ্ছেন। সজল একটি কার্টন কারখানায় এবং শাকিল একটি পোশাক কারখানায় চাকরি করেন। আরেক ছোট ছেলে মাদরাসায় পড়াশোনা করছে। ছেলেদের এই সীমিত আয়ে সংসার চালানো এবং ছোট ছেলের পড়াশোনার খরচ জোগাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এর ওপর ছেলে শাকিল খিচুনি রোগে আক্রান্ত। মেয়েকে হারানোর পর আসমা বেগম নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং প্রায়ই অসুস্থ থাকেন।
আসমা বেগম বলেন, সুমাইয়া শহীদ হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা এসে খোঁজখবর নিয়ে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও পাশে দাঁড়িয়েছেন এবং এখনো সামর্থ্য অনুযায়ী সহায়তা করে যাচ্ছেন। তবে নাতনির ভবিষ্যতের জন্য স্থায়ী কোনো দায়িত্ব কেউ নেয়নি। তিনি আক্ষেপ করে বলেন, "আমরা তো কোনোভাবে চলছি, কিন্তু আমার মৃত্যুর পর এই মা-হারা নাতনির কী হবে?" তাই নাতনির ভবিষ্যতের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করতে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে, সুমাইয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার ভগ্নিপতি মো. বিল্লাল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও ময়নাতদন্তের স্বার্থে আদালতের নির্দেশনায় ২০২৪ সালের ২০ নভেম্বর সুমাইয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।