
অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের টেলিভিশন লাইভ সাক্ষাৎকার চলাকালীন তাঁর পোষা কুকুরের কারণে বেশ কয়েকবার বিঘ্ন ঘটেছে। এবিসিতে গত সোমবার রাতে প্রচারিত এই সাক্ষাৎকারে জয়েসকে রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়। সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ কুকুরটি চিৎকার শুরু করলে জয়েসকে বলতে শোনা যায়, ‘বসে পড়ো।’ এ ঘটনার মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাক্ষাৎকার চলাকালীন কুকুরটির ঘেউঘেউয়ের জন্য সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করেন জয়েস। উপস্থাপক সারা ফার্গুসন তাঁকে কুকুর নিয়ে না ভেবে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ জানালে জয়েস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি সারাকে উদ্দেশ্য করে বলেন, ‘অভদ্র হবেন না, সারা। তা না হলে এই সাক্ষাৎকার এখানেই থেমে যাবে।’
সাক্ষাৎকারে সাংবাদিক সারা ফার্গুসন, জয়েসের দলের প্রধান পলিন হ্যানসনের সঙ্গে ব্রিটিশ কর্মী টমি রবিনসনের বৈঠক নিয়ে প্রশ্ন করছিলেন। গবাদিপশুর খামারি হিসেবে পরিচিত জয়েস আগেও কুকুর নিয়ে বিতর্কে জড়িয়েছেন। অতীতে হলিউড অভিনেতা জনি ডেপের পোষা কুকুরকে মেরে ফেলার হুমকি দিয়েও তিনি আলোচনায় এসেছিলেন।
সম্প্রতি হ্যানসনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ‘ওয়ান নেশন’ জনমত জরিপে বেশ জনপ্রিয়তা পেয়েছে। হ্যানসন সম্প্রতি টমি রবিনসনের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। ওই পডকাস্টে হ্যানসন ১৯৭০-এর দশকের ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ নীতির অবসানকে বর্তমান অস্ট্রেলিয়ার বিভিন্ন সমস্যার জন্য আংশিকভাবে দায়ী করেছিলেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও পরবর্তীতে হ্যানসন দাবি করেন যে তিনি এই নীতি পুনর্বহালের আহ্বান জানাননি।