
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এ খাতের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠক শেষে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অত্যন্ত পুরনো ও দীর্ঘদিনের। বিগত কোনো সরকারই এসব জটিলতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিলেও এই খাতের সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। দেশের উদ্যোক্তারা সরকারকে এই সময় দিতে প্রস্তুত রয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও বলেন, সরকার আন্তরিক হলে বস্ত্র খাত অবশ্যই ঘুরে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুতের সমস্যার পাশাপাশি এ খাতের আর্থিক বিভিন্ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এই খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত এই বিশেষ কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে তিনি উল্লেখ করেন।
বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে অন্তত ১৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম।