
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ পদে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে তার কোনো মন্তব্য নেই বলে তিনি জানান।
বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তিনি দাবি করেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল।
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। তিনি স্পষ্ট করেন যে, এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় এবং এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।
এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। পরে তিনি বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।