
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আয়োজিত এই মশাল মিছিল শেষে এনসিপি নেতারা বিএনপিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে। তারা বলেন, ১২ ফেব্রুয়ারি গণভোট প্রত্যাখ্যান করার মাধ্যমে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এনসিপি নেতাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় বিএনপি শত শত মব সৃষ্টি করে সরকারের কাজে পদে পদে বাধা দিচ্ছে, যা শিষ্টাচারের চরম লঙ্ঘন।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নাগরিক পার্টির ওপর যদি আর কোনো হামলা চালানো হয়, তবে ৫ আগস্ট শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, বিএনপিকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
প্রতিবাদ কর্মসূচিতে এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব এড. শামসুজ্জামান সোহেল, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসাইন, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ এবং আবদুল আহাদ ফারাবীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।