
১৯৭৯ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভি গত অর্ধশতক ধরে দেশের বাইরে থাকলেও, সম্প্রতি নিজের দেশের ভবিষ্যতের কথা বলে পশ্চিমা বিশ্বে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আগ্রাসনের পর তাঁর সামনে ক্ষমতার পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে এক্সে এক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছিলেন, ইরানের বর্তমান সরকার পতনের পর অন্তর্বর্তী নেতৃত্ব দেওয়ার আহ্বান তিনি গ্রহণ করেছেন।
মার্চ মাসে টেক্সাসের ‘কনভারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এ তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। সেখানে উপস্থিত অনেক ইরানি-আমেরিকান পাহলভির বাবার আমলের পুরোনো পতাকা বহন করছিলেন এবং তাঁকে ৪৫ সেকেন্ড দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। তবে এর চার দিন পরেই ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “আমরা ইরানকে গুঁড়িয়ে দেব কিংবা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব।”
ইরানের বর্তমান ইসলামি সরকারের ওপর চাপ বাড়াতে তিনি পশ্চিমা দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গড়ার চেষ্টায় অনড় রয়েছেন। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরু হলে পাহলভির পরিকল্পনা বেশ গতি পায়। ট্রাম্পের এই মন্তব্য প্রবাসী ইরানিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং পাহলভিকে অর্থায়নকারী অনেক সমর্থক ক্ষুব্ধ হন। পাহলভির নির্বাচনী তহবিলে ৩০ লাখ ডলারের বেশি অর্থ জমা দেওয়া দাতা ও সমর্থকরা আশা করেছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন। কিন্তু ট্রাম্পের বক্তব্যের সরাসরি বিরোধিতা করতে ব্যর্থ হওয়ায় এবং তাঁর নীরবতার কারণে পাহলভির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, রিপাবলিকানদের সমর্থন হারানোর ভয়ে তিনি নীরব ছিলেন, যা তাঁকে নিজের দেশের মানুষের মর্যাদা ও সার্বভৌমত্বের চেয়ে বিদেশি সামরিক হস্তক্ষেপের প্রতি পক্ষপাতী হিসেবে তুলে ধরেছে।
পাহলভির গ্রহণযোগ্যতার পথে সবচেয়ে বড় বাধা তাঁর বাবার একনায়কতান্ত্রিক অতীত, যেখানে ‘সাভাক’ পুলিশের মাধ্যমে কঠোরভাবে ভিন্নমত দমন করা হতো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসী ইরানিদের মধ্যে গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে রাজতন্ত্রের প্রত্যাবর্তনের আতঙ্ক, অন্যদিকে পাহলভির পরিকল্পিত ‘জাতীয় অন্তর্বর্তী কাউন্সিল’ গঠনের পরিকল্পনা নিয়ে স্ববিরোধিতা—সব মিলিয়ে তাঁর রাজনৈতিক অস্তিত্ব বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরে পাহলভির কোনো শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নেই। এছাড়া ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের মতো তৃণমূলের স্বতঃস্ফূর্ত সংগ্রামের সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মিল নেই। বামপন্থী ও সংখ্যালঘু নেতারাও রাজতন্ত্রের ছায়ায় গণতন্ত্রের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন। বিদেশি সামরিক শক্তির ওপর ভর করে ক্ষমতা দখলের এই প্রচেষ্টা ১৯৫৩ সালে সিআইএ-সমর্থিত অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়, যা প্রবাসী ইরানিদের মধ্যে তাঁর ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্পের মন্তব্যের পর অনেক বড় দাতা ইতিমধ্যে তহবিল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন, যার ফলে পাহলভির ক্ষমতার স্বপ্ন এখন বড় ধরনের সংকটের মুখে।