
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার প্রয়াত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)।
নিহত জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি এবং দরগাহ পাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলে করে ফেরার পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে এবং বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম উত্তরজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন জানান, ইমামদের সরকারি ভাতা সংক্রান্ত কাজে সংসদ সদস্য নুরুল আমিনের সঙ্গে দেখা করতে তারা মোটরসাইকেলে করে বারইয়ারহাট যাচ্ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লাহর ঘরের কাজে আমার কাছে আসার পথে তারা মৃত্যুবরণ করেছেন। তিনি তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং তাদের জান্নাত কামনা করেন।