
গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। সোমবার দেশটির শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই পরিসংখ্যানের বিষয়টি উঠে আসে।
টেলিগ্রামে প্রকাশিত এক তথ্যচিত্রে হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে আহত হয়ে প্রায় ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলমান রয়েছে এবং এখন পর্যন্ত মোট ধ্বংসাবশেষের ১৬ দশমিক ৫ শতাংশ সরিয়ে ফেলা সম্ভব হয়েছে।
এদিকে, সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রশাসনের পদক্ষেপের সমালোচনার জবাবে তিনি দাবি করেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত মানুষ ও বিরোধী দলগুলোর দাবি, ভূমিকম্পের পর সেনাবাহিনী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। এছাড়া ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধারে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি বলেও সমালোচনা করছেন তারা। বর্তমানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।