
খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা প্রদান, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।
এর আগে, গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জগলুল পাশাকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তখন তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর। ওইদিন জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন ব্যক্তি গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং রাস্তা অবরোধ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাবেশে যাওয়ার পথ রুদ্ধ করেন।
পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। একাধিকবার বের হওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়। এই ঘটনায় খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।