
তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে উচ্চ তাপমাত্রায় শরীর ঠান্ডা ও শক্তি ধরে রাখার উপায় হিসেবে এই খাবারের কথা তুলে ধরা হয়েছে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দেশটিতে তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ১ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে, যা আধুনিক আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ।
উত্তর কোরিয়ায় বছরের সবচেয়ে উষ্ণ সময়কে 'সামবক' বা 'ডগ ডেজ অব সামার' বলা হয়। এ সময় তীব্র গরম মোকাবিলায় কুকুরের মাংসের স্যুপ খাওয়ার প্রথা রয়েছে। গত ২ আগস্ট ক্ষমতাসীন দলের সংবাদপত্র রোদং সিনমুনে পিয়ংইয়ং জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে তরমুজ, শসা ও মুগডালের পাশাপাশি 'পুষ্টিকর খাবার' হিসেবে কুকুরের মাংসের স্যুপ, মাছের পায়েস ও লাল বিনের পায়েস খাওয়ার কথা বলা হয়। প্রতিবেদনে গ্রীষ্মের এই খাবার নিয়ে একটি পুরোনো প্রবাদও উদ্ধৃত করা হয়েছে, যেখানে বলা হয়, তীব্র গরমে এই স্যুপ ওষুধ হিসেবে কাজ করে। এ বছর দেশটিতে কুকুরের মাংস রান্নার জাতীয় প্রতিযোগিতাও হয়েছে।
এর পাশাপাশি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জিনসেং, আঠালো চাল ও খেজুর দিয়ে তৈরি মুরগির স্যুপ 'সামগিয়েতাং'-এর প্রশংসা করেছে এবং পিয়ংইয়ংয়ের বিভিন্ন রেস্তোরাঁয় এর চাহিদা বাড়ার কথা জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে পর্যাপ্ত পানি পান, সাঁতার এবং খোলা জায়গায় শরীরচর্চার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে তাপপ্রবাহে প্রাণহানির কোনো তথ্য সরকার প্রকাশ করেনি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় অবশ্য তাপপ্রবাহজনিত কারণে ২০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সর্বোচ্চ নেতা কিম জং উনের কঠিন পরিস্থিতি মোকাবিলার পুরোনো ঘটনাগুলোও প্রচার করা হচ্ছে। এর মধ্যে ২০১৩ সালে প্রচণ্ড গরমে কিমের নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় ঘামে ভেজা পোশাক এবং ২০১৮ সালে প্রবল বৃষ্টির মধ্যেও পাহাড়ি পথে প্রস্রবণকেন্দ্র খোঁজার বিষয়টি উঠে এসেছে। এছাড়া কিমের আচারযুক্ত সামুদ্রিক খাবার কারখানা পরিদর্শনের সময় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথাও জানানো হয়েছে। বর্তমানে ওনসান কালমা কোস্টাল ট্যুরিস্ট জোনের সৈকত ও সুইমিং পুলে মানুষের ভিড়ের দৃশ্যও গণমাধ্যমে দেখানো হচ্ছে। পিয়ংইয়ংয়ের বিভিন্ন ওয়াটার পার্কেও গরম থেকে স্বস্তি পেতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।