ভর্তুকির চাপ কমাতে ব্যবসায়িক মডেলে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি এই সংস্থাটি এখন ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির পাশাপাশি লাভজনক বিভিন্ন পণ্যের ব্যবসায় নামার পরিকল্পনা করছে।
টিসিবি যেসব লাভজনক পণ্যের ব্যবসায় নামার পরিকল্পনা করছে, তার মধ্যে রয়েছে সাবান, ডিটারজেন্ট, চা, লবণ, আটা, ভোজ্যতেল ও মসলা। এসব পণ্য কেবল টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাই নয়, বরং সাধারণ ক্রেতাদের কাছেও বিক্রি করা হবে।
এই নতুন ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি নিজস্ব অর্থে পণ্য কেনা এবং কম সুদে ঋণ পাওয়ার মতো বিভিন্ন উপায় নিয়ে কাজ করছে। মূলত টিসিবির কার্যক্রমকে আরও গতিশীল এবং আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।