
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গত মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে (প্রাইমারি) জয়ী হয়েছেন ইলহান ওমর। এই জয়ের মাধ্যমে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টি থেকে পুনর্নির্বাচিত হওয়ার দৌড়ে নিজের মনোনয়ন নিশ্চিত করলেন তিনি। প্রতিনিধি পরিষদের এই আসন থেকে তিনি এখন পর্যন্ত চারবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সাল থেকে মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন ইলহান ওমর। এলাকাটি মিনেসোটা তথা পুরো যুক্তরাষ্ট্রের মধ্যেই ডেমোক্র্যাট-প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। এবারের প্রাইমারিতে তিনি ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।
ইলহানের এবারের প্রাইমারিতে জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ২০২৪ সালের প্রাইমারিতে ১৩ পয়েন্টের ব্যবধানে জয়ী হওয়ায় এবং সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ের রেকর্ড থাকায় এবার তাঁকে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়নি। একই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জন নাগেল জয়ী হতে পারেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।
ইলহানের প্রতিদ্বন্দ্বী জুলি টি লে কয়েক সপ্তাহ আগে ‘অপারেশন মেট্রো সার্জ’-এর সময় সেন্ট পল ফেডারেল আদালতে একটি অপ্রীতিকর ঘটনার পর আলোচনায় আসেন। নিজের অভিবাসী পরিচয় সত্ত্বেও তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার আবেদন করেছিলেন, যা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল।
নির্বাচনী এলাকায় জনপ্রিয় হলেও ইলহান ওমর দীর্ঘ সময় ধরে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ‘মাগা’ সমর্থকদের আক্রমণের শিকার হয়ে আসছেন। তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং সোমালি ঐতিহ্যকে নিয়ে উপহাস করার ঘটনাও নিয়মিত ঘটেছে। এছাড়া গত সোমবার রিচফিল্ডে আয়োজিত একটি টাউন হল মিটিংয়ের বাইরে হোমল্যান্ড সিকিউরিটির এক তদন্তকারীকে ভুয়া প্লেট নম্বরের গাড়িতে দেখা যায়, যা নিয়ে ইলহান উদ্বেগ প্রকাশ করেছেন। গত জানুয়ারিতে মিনিয়াপোলিসে একটি টাউন হল অনুষ্ঠানে এক ব্যক্তি তাঁর ওপর তরল ছিটিয়ে দিয়েছিলেন, যা পরে আপেল সিডার ভিনেগার হিসেবে শনাক্ত হয়। ওই ঘটনার পর ইলহান জানিয়েছিলেন যে, তিনি ভয় পাওয়ার মতো মানুষ নন।