
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেছে। নতুন এই কভার ফটোতে মরহুম মাওলানার একটি বিখ্যাত উক্তি স্থান পেয়েছে—‘বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।’ এই বাণীর মাধ্যমে তাঁর সাহসী জীবনদর্শন ও আদর্শের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
দলটির ফেসবুক পেজে শেয়ার করা বিভিন্ন পোস্টে মাওলানার বিভিন্ন সময়ের বক্তব্য ও উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে আদালতে দেওয়া তাঁর একটি বক্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি বলেছিলেন, ‘কুরআনের বাণী প্রচারই যদি হয় আমার অপরাধ, তবে আমি হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।’
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে আল্লামা সাঈদীকে কওমি ও আলিয়া মাদ্রাসার প্রতি তাঁর সমান অনুরাগের কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আলিয়া আর কওমি মাদ্রাসা আমার দুই চোখের মতো প্রিয়। আমি চট্টগ্রামের সবচেয়ে বড় মাদ্রাসা পটিয়া ও হাটহাজারীতে সফর করি, যেখানেই যাই আলেমদের সঙ্গে দেখা করি।’
তিনি আরও স্মৃতিচারণ করেন যে, তিনি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)-কে অজু করিয়েছেন, তাঁর পা ধুয়ে দিয়েছেন এবং খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ সাহেবের খেদমত করেছেন। তিনি মন্তব্য করেন, ‘এতে আমি তো ছোট হয়ে যাইনি। আমরা আলেমদের সম্মান কেন করতে পারব না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার।’
তাঁর জীবন ও আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু উদ্ধৃতি প্রচারিত হয়েছে। পবিত্র কুরআন সম্পর্কে তিনি বলেছিলেন, ‘কাল কেয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে আমাদের। সেদিন কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আসবে শুধুমাত্র কুরআন মাজিদ।’ এছাড়া দ্বীনের পথে নিজের দীর্ঘ পথচলা নিয়ে তিনি মন্তব্য করেন, ‘বিগত অর্ধ শতাব্দী ধরে আমি কুরআনের দাওয়াত বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।’
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫