
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে এবং নগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হবে। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে সক্রিয় থাকবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাবেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন করা হয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।
স্বাভাবিক টহলের বাইরেও অফিসার ও ফোর্স রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় মোতায়েন থাকবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।