
হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক যান চলাচলের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই বিষয়ে খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য সুনির্দিষ্ট নৌপথ নির্ধারণ করা। তিনি বিষয়টিকে একটি কৌশলগত আলোচনা হিসেবে অভিহিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ওমানের সঙ্গে এই আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার কোনো অংশ নয়। তিনি জোর দিয়ে বলেন, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা এবং এদের মধ্যে কোনো যোগসূত্র নেই।
বর্তমানে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা এই নৌপথ নির্ধারণের কাজ করছেন। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারাও এই আলোচনায় যুক্ত রয়েছেন। আরাগচি বলেন, এই কৌশলগত বিষয়ে সামরিক বাহিনীর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে।