
চিত্রনায়িকা পূজা চেরী তাঁর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া সব গুঞ্জন নাকচ করে দিয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানান, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ে হতে যাচ্ছে, এমনকি কেউ কেউ দাবি করেন তাঁরা ইতিমধ্যে বিয়েও সেরে ফেলেছেন। এ বিষয়ে পূজা লিখেছেন, কিছুদিন ধরে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন জড়িয়ে একের পর এক ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে খবর তৈরি করায় তিনি অত্যন্ত বিব্রত ও দুঃখিত। নিজের অবস্থান পরিষ্কার করে এই actress বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখননো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও অভিনেত্রীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি, যার কারণে খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এবার পূজা নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি তাঁর আগের একটি সাক্ষাৎকারের কথা স্মরণ করিয়ে দেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা আছে। পূজা লেখেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’
বর্তমানে ক্যামেরার সামনে পূজা চেরীর অনুপস্থিতি নিয়ে ভক্তদের মনে কৌতূহল রয়েছে। এ বিষয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। তবে তাঁর বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টিকে তিনি সহজভাবে নেননি। কোনো তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গ টেনেছেন তিনি।
পূজা তাঁর পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে জানান, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’ সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা পূজা চেরী ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় ব্যাপক আলোচনায় আসেন। এরপর তিনি ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্দান নিয়ে গুঞ্জন উঠলেও তিনি বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি। এবার বিয়ের গুঞ্জনের মুখে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই ঢালিউড তারকা।