
দৈনিক যুগান্তরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নিয়ে প্রকাশিত চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।
কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো নিয়ে ওঠা অভিযোগের সত্যতা উদঘাটন করা। একই সঙ্গে কেন্দ্রগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতেও বলা হয়েছে কমিটিকে।