
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে একাডেমিক সাফল্যের পাশাপাশি সৃজনশীলতা, দক্ষতা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। 'ফলাবর্তন' নামের এই বর্ণিল আয়োজনে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১৯টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল কাজ, অ্যাসাইনমেন্ট এবং ভালো ফলাফলের ওপর ভিত্তি করে এই নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর বিশেষ জোর দিয়ে এমন সংগঠিত আয়োজনের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারিয়া জাহান বলেন, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ৮৩তম ব্যাচের শিক্ষার্থী মাইসা সাঈদ অথৈ এবং জিসান নিজেদের কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থী অনন্যা হালদার জানান, একাডেমিক ফলাফলের বাইরে সৃজনশীলতা ও নানা প্রতিভাকে গুরুত্ব দেওয়া এই আয়োজনের অন্যতম সুন্দর দিক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন, সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, তানিয়া সুলতানা, শবনাম জান্নাত, প্রভাষক সোহেল হোসেন এবং প্রভাষক ফারিশতা সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।