
স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন তখনই ভোটের ঘোষণা দেবে যখন সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত হবে। সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।
নির্বাচন কবে শুরু হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়, কারণ এটি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। তিনি জানান, কমিশন বর্তমানে বিভিন্ন আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ করছে এবং সেগুলো ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।
নির্বাচন আয়োজনে কমিশনের একক প্রস্তুতির চেয়ে সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, শুধু নির্বাচন কমিশন একা প্রস্তুত হয়ে নির্বাচনে ঝাঁপ দেবে তা নয়, বিজিবি ও র্যাবসহ নির্বাচনে কাজ করা সব আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সরকার ছাড়া নির্বাচন পরিচালনা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সমন্বয়ের বিষয়ে তিনি ইতোমধ্যেই আইজিপির সঙ্গে বৈঠক করেছেন।
অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা বেশি দেখা গেছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি কমিশনের মাথায় আছে এবং তারা এটি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব বেশি থাকবে এবং কমিশন বাহিনীগুলোকে সেভাবে মবিলাইজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।