
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় তালাক দেওয়ার অপরাধে সাবেক স্ত্রীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সায়ন নামের এক যুবক তার সাবেক স্ত্রী স্মৃতি আক্তারের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
হামলার সময় স্মৃতি আক্তারকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্মৃতি আক্তারের সাথে সায়নের গোপনে বিয়ে হয়েছিল। এর আগে স্মৃতির আরও একটি বিয়ে হয়েছিল যা ছয় মাস আগে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। কয়েকদিন আগে স্মৃতি সায়নকে তালাক দিলে সায়ন ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ক্ষোভ থেকেই সে বুধবার গভীর রাতে বাড়িতে ঢুকে এই হামলা চালায়।
ঘটনার পর মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের মল্লিকপাড়া এলাকা থেকে সায়নকে আটক করেছে। সে ওই এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং হামলার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত