
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। 'শিকার' সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন তিনি। গত শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি সেখানে কাটানো ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগের ঘটনা ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট তাদের ওই একই পথ দিয়ে যাতায়াতের পরিকল্পনা ছিল। মাত্র একদিনের ব্যবধানেই তাদের পুরো শুটিং ইউনিট বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। দুর্যোগের কারণে যে পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার কথা ছিল, সেটি এখন কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেখানে শুটিং চালিয়ে যাওয়াকে উপযুক্ত মনে করেননি অপু। তিনি বলেন, মানুষের এমন দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করা অমানবিক মনে হতে পারে। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।
উল্লেখ্য, কিছুদিন ধরেই নেপালে 'শিকার' সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জি জানিয়েছিলেন যে তারা নিরাপদেই ছিলেন। সবশেষ ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন।