
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণা ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সামির ইসলাম দায়িত্ব পেয়েছেন।
নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, বিদায়ী সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সায়েন্স ক্লাব, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউএসটিসি ফার্মা ক্লাব, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা এবং নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্ট বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা প্রসারে কাজ করে আসছে সিইউআরএইচএস। সংগঠনটির দাবি অনুযায়ী, তারা এখন পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে সহায়তা করেছে। পাশাপাশি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম পরিচালনা করেছে তারা।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত