
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না এবং বিষয়টি বলাও ঠিক নয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতি, তাতে আমরা কিছু বলতে চাই না। আমাদের বলা উচিতও না।
হাইকমিশনার আরও বলেন, দেশের মানুষ যা ভালো বুঝবে এবং সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত সরকার যা ভালো মনে করবে, সেটিই সঠিক। জনগণের জন্য কী ভালো, সেটি তারাই ভালো বুঝবে। তিনি পিপল-টু-পিপল বা জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমি না থাকলেও অন্য কেউ আমার জায়গায় থাকলে একই কথা হতো। আমাদের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে, আর সাধারণ মানুষের ভালো হওয়াটাই আমাদের দায়িত্ব।
প্রতিবেশী দেশ হিসেবে দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি স্বপ্ন শেয়ার করি এবং সীমান্তও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, আমরা সবসময় বলি আমরা সমান, কেউ বড় নয় আবার কেউ ছোট নয়। এখানে এসে আমি অনেক কিছু শিখছি।
ত্রিবেদী জানান, চ্যালেঞ্জ থাকবেই। আমাদের বুঝতে হবে বাংলাদেশের ডেমোক্রেটিক চ্যালেঞ্জ কী এবং বাংলাদেশকে বুঝতে হবে ভারতের চ্যালেঞ্জ কী। এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা অতীত ভুলতে পারি না, তবে অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। কারণ অতীতে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়।