
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় পাওনা টাকা পুরোপুরি পরিশোধিত হলে এবং পক্ষদ্বয়ের মধ্যে আপস-মীমাংসা হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা কারাদণ্ড বহাল রাখা সমীচীন হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তির আওতায় আনা বা কারাবন্দি রাখা নয়, বরং পাওনা টাকা আদায় নিশ্চিত করাই হলো এর প্রধান লক্ষ্য।
বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় গত ৬ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আবেদনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষ অর্থাৎ ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের হয়ে আইনজীবী মো. জিসান মাহমুদ ও তাসনুভা কায়সার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সিরাজুল করিম (রবি)।
এই রায়ের মাধ্যমে আদালত চেক ডিজঅনার মামলায় দণ্ডিত এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড বাতিল করেছেন। অভিযুক্ত ব্যক্তি চেকের সমুদয় টাকা ও ব্যাংকের পাওনাদি পরিশোধ করে আপস-মীমাংসা করায় আদালত এই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে, আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।