
দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। আগস্টে বড় অঙ্কের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও এই জ্বালানির দাম বাড়ল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের এই নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ১৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দর ১ দশমিক ০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার করা হয়েছে।
বিইআরসির আদেশে জানানো হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং এই একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে জেট ফুয়েলের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে আগস্ট মাসে জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা তিন দফায় এই জ্বালানির দাম কমানো হয়েছিল।
সবশেষ গত জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তার আগে জুন মাসের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। ২৩ মে এক মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এবং তারও আগে ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।