
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৭
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয় সভায়।
গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা সভায় সরকারের বেশ কয়েকজন নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া সভায় আরও অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।