
চীনের উত্তর-পূর্ব উপকূলের প্রধান নৌ-পরিবহন হাব কিংদাও বন্দরে নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কিংদাও বন্দরের 'বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে' সংস্কারকাজের জন্য নোঙর করা ছিল ওই কার্গো জাহাজটি। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।
জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট 'ভেসেলফাইন্ডার'-এর তথ্য এবং সিনহুয়ার প্রকাশিত ছবি থেকে জানা গেছে, লাইবেরিয়ার পতাকা নিয়ে চলাচলকারী এই জাহাজটির নাম 'ওশান মেলোডি'। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন এই রোগীরা এখন আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এই ভয়াবহ দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর তাগিদ দিয়েছেন।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, "সব অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে। সব ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সাথে তদন্ত ও সংস্কার করতে হবে।"
অন্যদিকে, জাহাজে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে পরবর্তী যেকোনো ধরনের বিপর্যয় (সেকেন্ডারি ডিজাস্টার) রোধে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।