
দেশের অর্থনীতিকে একটি দীর্ঘ টুর্নামেন্টের সঙ্গে তুলনা করে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন তারকা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত একটি সচেতনতামূলক বার্তায় তারা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করা এবং নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
প্রচারিত এই বার্তায় পেসার তাসকিন আহমেদ দেশের অর্থনীতির স্বার্থে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'দেশের অর্থনীতি হচ্ছে একটি লং টুর্নামেন্ট, অযথা জ্বালানি পুড়িয়ে আজকেই সব শেষ করে দেব না।' বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, 'এবার আমাদের পালা, বিদ্যুৎ সাশ্রয়ের পথে চলা।' পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার স্বার্থে নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিয়ে তিনি বলেন, 'নবায়নযোগ্য শক্তিতে আস্থা রাখি।'
কৃত্রিম আলোর ব্যবহার কমিয়ে দিনের আলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার প্রশ্ন, 'দিনের আলোয় যদি ঘর ভরে থাকে, তবে কৃত্রিম আলোর প্রয়োজন কী?' বিদ্যুৎ সাশ্রয়ের একটি হিসাব তুলে ধরে শান্ত জানান, 'জেনে রাখি, ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে প্রায় ৪ ইউনিট জ্বালানি সাশ্রয় হয়।'
এদিকে মেহেদী হাসান মিরাজ শক্তি সঞ্চয়ের প্রয়োজনীয়তা নিয়ে চ্যাম্পিয়নদের উদাহরণ টেনে বলেন, 'চ্যাম্পিয়নরা জানে কীভাবে শক্তি জমিয়ে রাখতে হয়।' টেকসই উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের কোনো বিকল্প নেই উল্লেখ করে শান্ত ও মিরাজ যৌথভাবে বলেন, 'টেকসই উন্নয়ন যদি চাই, বিদ্যুৎ সাশ্রয়ের বিকল্প নেই।' সবশেষে তাসকিন, মিরাজ ও শান্তর সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হয়, 'নবায়নযোগ্য শক্তি জ্বালানি সংকট থেকে মুক্তি।'