
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই নারী পেশায় নৃত্যশিল্পী। গত ১০ সেপ্টেম্বর বিকালে ৯ হাজার টাকা চুক্তিতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য তারা তাদের দলের সদস্যদের নিয়ে সরাইলে আসেন। সেখানে রাকিব নামে এক ব্যক্তি তাদের রিসিভ করে শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রাকিব আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে ওই দুই নৃত্যশিল্পীকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলেন। এরপর নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি এলাকায় নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করা হয়। এ সময় দলের পুরুষ সদস্য সাইদ হোসেন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা রাত ৮টার দিকে ভুক্তভোগী দুই নারীকে নাসিরনগর থানার গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা প্রথমে নাসিরনগর থানায় বিষয়টি জানান। তবে এলাকাটি সরাইল থানার আওতাধীন হওয়ায় পুলিশ তাদের সেখানে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শান্ত বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত