
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন আদালত। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা ও মামলার বাদী উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে সিয়ামের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা সম্পন্ন করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির আত্মপক্ষ শুনানির দিন নির্ধারণ করেছেন। এদিনের শুনানিতে কারাগার থেকে সিয়ামকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সিয়ামের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। তবে দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সিয়ামের জামিন আবেদন নাকচ করে দেন। মামলাটিতে মোট ১১ জন সাক্ষীর সবার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এর আগে গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এই মামলাটি দায়ের করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর জাকির হোসেন সিয়ামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।