
সুস্বাদু বেসন নারকেল বরফি তৈরি করতে আপনার প্রয়োজন হবে ১ কাপ বেসন, ১ কাপ কোরানো নারকেল, পৌনে এক কাপ ঘি, দেড় কাপ চিনি এবং ১ কাপ দুধ। এছাড়াও সামান্য জাফরান, ১ চা–চামচ এলাচিগুঁড়া এবং ২ চা–চামচ কাজুবাদামকুচি লাগবে। আলাদাভাবে পাত্রের গায়ে মাখানোর জন্য আরও ১ চা–চামচ ঘি প্রয়োজন হবে।
প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে কোরানো নারকেল হালকা রং ধরা পর্যন্ত টেলে নিন। নারকেল ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন। এরপর ওই প্যানেই বেসন টেলে নিন। বেসনে হালকা লালচে রং এলে তাতে ভাজা নারকেল ও ঘি দিয়ে দিন।
মিশ্রণটি আরও কিছুক্ষণ ভাজার পর এতে চিনি যোগ করুন। এরপর ঘন দুধ ও জাফরান দিয়ে অনবরত নাড়তে থাকুন। নারকেল থেকে অতিরিক্ত পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া চালিয়ে যান। সবশেষে এলাচিগুঁড়া ও কাজুবাদামকুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।
একটি ট্রেতে ভালো করে ঘি মেখে নিন। রান্না করা মিশ্রণটি ট্রেতে ঢেলে হাত দিয়ে চেপে সমানভাবে সেট করে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে নিজের পছন্দমতো সাজিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করুন।