
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫৭
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং জাতীয় অর্থনীতিতে মূল্য সৃষ্টির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬' উপলক্ষে 'উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়' শীর্ষক গোলটেবিল আলোচনায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান। অনুষ্ঠানে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকারের জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রত্যাশা এবং এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা অপরিহার্য। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের অসাধারণ উদ্ভাবনী ধারণা তিনি লক্ষ্য করেছেন। এসব ধারণাকে বাণিজ্যিকীকরণের পর্যায়ে নিতে পারলে বিশ্ববিদ্যালয়গুলো দেশের অর্থনৈতিক উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি হয়ে উঠবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত ব্যবস্থা থেকে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে ড. মামুন আহমেদ বলেন, সক্ষম বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনকেন্দ্র বা ইনকিউবেশন হাব প্রতিষ্ঠা করা হবে, যেখানে নতুন ধারণা বাস্তবায়নে সহায়তা ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে ইউজিসির।
আলোচনায় বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের যৌথ গবেষণা, গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো এবং পেটেন্ট পাওয়ার জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে উচ্চপর্যায়ের একটি পরিষদ গঠনের প্রস্তাব এসেছে। এছাড়া প্রথম ধাপে পাঁচ থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন ও সমাধানভিত্তিক কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানের সঞ্চালনায় এতে অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উম্মে সালমা জোহরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।