
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের শেষ দিকে জমসেদ নামের এক ব্যক্তি তার তিন সন্তানকে বিষপান করান এবং নিজেও বিষপান করেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিষপানের পর শিশুদের গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করেন। তাদের বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। জমসেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া জানিয়েছেন, জমসেদের স্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসী। তিন সন্তানকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। স্বজনদের ধারণা, ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরেই তিনি এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে অচেতন অবস্থায় পায়। মরদেহগুলো তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত