
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুইদিন পর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার আল-মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং পাঁচ বছর বয়সী ছেলে সামিন হোসেন। ঘটনার পর থেকে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁওয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জন যাত্রী গরু-ছাগলসহ ট্রলারে করে বৈদ্যার বাজারের দিকে আসছিলেন। পথে মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
দুর্ঘটনার পর আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং উদ্ধার হওয়া এক নারীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতে ঢাকার ডুবুরি দল অভিযান চালালেও অন্ধকার ও নদীর পরিস্থিতির কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এরপর শুক্রবার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন। দিনভর অভিযানে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে দুটি গরু ও একটি খাসির মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, শনিবার সকালে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।