
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন খান সুফল এবং দলের সক্রিয় কর্মী আবু জাফর মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।
আসামি মোতাহার হোসেন খান সুফল যুবলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ তাদের জামিনের আবেদন করেন এবং রোববার শুনানির জন্য সময় প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে শুক্রবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০টার দিকে মিরপুর মডেল থানার ৬০ ফিট ভাঙ্গাব্রিজ এলাকা থেকে সুফলকে এবং রাত আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবু জাফরকে আটক করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে টেকনিক্যালগামী অভিজাত পরিবহনের একটি বাসে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঢাকা মহানগর উত্তরের কার্যক্রম এবং ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের ডাকা 'ঢাকা লক ডাউন' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই নাশকতা চালানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অগ্নিসংযোগের সময় বাসে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রী দ্রুত নেমে জীবন রক্ষা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দারুসসালাম ও শাহআলী মাজারের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।