
বিদ্যুৎকেন্দ্র এবং ভারী শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ১১ টাকা ৯২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের নতুন দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। বুধবার রাত ১২টা থেকেই এই নতুন মূল্যহার কার্যকর হবে বলে কমিশন জানিয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) এবং ৩৪(৬) ধারার ক্ষমতাবলে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) ও তেল বিপণনকারী কোম্পানিগুলোর দেয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পরই ফার্নেস অয়েলের নতুন এই দাম ঠিক করা হয়েছে।