
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৩
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে দোহা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জানান, কাতার কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগই অগ্রগতির সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যে দুই দেশের সরকারকেই সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছে কাতার।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার জানিয়েছেন, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নিয়ে কাতার উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে দোহা।