
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় তাকে ৭ দিনের পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
এর আগে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়ার পর রবিউলকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে নতুন করে মামলা দায়ের করা হয়। এরপর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা।
শুনানি চলাকালে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তার রবিউল ইসলাম ভারতের ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে তথ্য পাচার করছিলেন। জড়িত অন্যদের চিহ্নিত করতে তাকে রিমান্ডে নেওয়া জরুরি বলে আদালতকে জানানো হয়।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, রবিউল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়িভোজ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসা থেকে আটক করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, রবিউল গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে পাসপোর্ট দেখালেও, তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি যাচাই করে অসঙ্গতি পাওয়া গেছে। বিশেষ করে তার ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই। এছাড়া তিনি এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি। তদন্তে বিভ্রান্তি ছড়াতে তিনি একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা পুলিশ আবেদনে উল্লেখ করেছে। বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধ বা সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত থাকার প্রবল সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ২৩আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ২৮