
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত 'স্ট্রাইডস্' কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।
কিটগুলো গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী তা দ্রুত সারা দেশে বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী জানান, যাতায়াত সুবিধার কারণে অনুষ্ঠানটি কুর্মিটোলা হাসপাতালে আয়োজন করা হলেও কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা করা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদার ভিত্তিতে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে এগুলো পৌঁছে দেওয়া হবে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকারি খাতে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের যেকোনো প্রান্তে আক্রান্তের হার বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ভবিষ্যতে বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনটির উচ্চমূল্য এবং এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান এবং মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।