
সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই আটাশে স্লোগানকে ধারণ করে বন্দরনগরী চট্টগ্রামে উদযাপিত হয়েছে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন। চট্টগ্রাম অফিসের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কর্মসূচিতে সুধী সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার আয়োজন ছিল অন্যতম আকর্ষণ। বেলুন উড়িয়ে উৎসবমুখর এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। সত্য সুন্দর প্রকাশে চ্যানেল আই আটাশে এ স্লোগানে চ্যানেল আইয়ের ২৮ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম অফিসের উদ্যোগে সুধী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা সহ বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি, হালদা নদী বিশেষজ্ঞ ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। এরপর শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সহ-সভাপতি ফজলুল হক সুমন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাইনুদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, নারী সংগঠক জেসমিন সুলতানা পারু, মহিলা চেম্বারের সহ-সভাপতি রুৎমিলা ফরিদ, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক অভিক ওসমান এবং রাশিয়ান অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
সাংস্কৃতিক আয়োজনে প্রাপন একাডেমির শিল্পীরা চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির ওপর ভিত্তি করে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিনের কেক কাটেন। এই আয়োজনে সিআরসিডি মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ এনাম, এনসিপির দক্ষিণ জেলার সদস্য সচিব জুবাইরুল আলম মানিক, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলী আব্বাস খান, সরকারি আলাওল কলেজের রোভার গ্রুপ সম্পাদক অধ্যাপক ফজিলাতুন নেছা ডলি ও কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি পেয়ার আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।