
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত। তারা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দলটির ভেতরে কঠোর আত্মশুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে টিআইবি উল্লেখ করেছে, ৫০ বছর ধরে অসহায় মা ও শিশুদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচে হামলা ও জবরদখল অত্যন্ত বিব্রতকর। বিশেষ করে পুলিশের উপস্থিতিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় শত শত মানুষের সামনে এই ভাঙচুরের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। জুলাই অভ্যুত্থানের পর কর্তৃত্বপরায়ণতা অবসানের প্রত্যাশা তৈরি হলেও, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড পুরোনো স্বেচ্ছাচারী সংস্কৃতির বার্তাই দিচ্ছে বলে মনে করে সংস্থাটি। রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতা–কর্মীদের এ–জাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছে। সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির নীতিনির্ধারকেরা দলীয় নেতা–কর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কি।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকেই বিএনপির একাংশের বিরুদ্ধে বাজার, ফুটপাত, বাস টার্মিনাল, জলমহাল ও বালুমহালসহ বিভিন্ন ব্যবসা খাতে দখলবাজি ও আধিপত্য বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের জলমহাল দখল ও ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনাকেও তারা আগস্ট-পরবর্তী ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে। টিআইবি বলছে, নিজেদের মধ্যকার এসব বিরোধ ও সংঘর্ষ সরকারের জন্য অশনিসংকেত।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে বহিষ্কারসহ নামমাত্র ব্যবস্থা নেওয়া হলেও অভিযুক্তদের সঙ্গে ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে। এতে দেশে দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি ফের জেঁকে বসার আশঙ্কা তৈরি হয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে টিআইবি।