
উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে লোহাগাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সাধারণ সদস্যদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে দেওয়া ভোটে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের লোহাগাড়া প্রতিনিধি এম এম আহমদ মনির এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন গ্লোবাল টিভির প্রতিনিধি এরশাদ আলম। সংগঠনের নতুন এই কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাকের অধ্যাপক মু. আবদুল খালেক, যুগ্ম সম্পাদক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের খোকন সুশীল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সাত্তার সিকদার।
এছাড়া অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসাইন (সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক (গ্রিন টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইউসুফ (দৈনিক পূর্বতারা), দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দিনকাল) এবং কার্যকরী সদস্য পদে মনির আহমদ আজাদ (টেলিগ্রাফ) ও ডা. কামাল উদ্দীন (সাতকানিয়া লোহাগাড়া বার্তা) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মু. ইলিয়াছ। এছাড়া প্রিজাইডিং অফিসার ছিলেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নাছির উদ্দীন এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন রূপন কান্তি নাথ।