
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে এ বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এবং মডেল থানার ওসি মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৩টা ১০ মিনিটের দিকে অভিযুক্তের বসতঘরে তল্লাশি শুরু করে। এসময় তার শোয়ার ঘরের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি গুলি উদ্ধার করা হয়। এছাড়া একই কক্ষের আরেকটি আলমারি থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়। উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে আইনানুগ তল্লাশি চালানো হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন দাবি করেছেন যে, রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব নামে তার এক বন্ধু তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অবৈধ সরঞ্জাম তার কাছে গচ্ছিত রেখেছিলেন। তৈয়ব বিদেশ থেকে ফেরার পর এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে তিনি পুলিশকে জানান।
এই ঘটনায় নাছির উদ্দীন এবং পলাতক মো. তৈয়বকে আসামি করে হাটহাজারী মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অভিযুক্তের সহযোগী মো. তৈয়বকে গ্রেপ্তার এবং অস্ত্রগুলোর উৎস ও এর সাথে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।