
জনস্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে পদায়ন করা হয়েছে। এ ছাড়া তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।
তালিকায় থাকা বাকি কর্মকর্তাদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।