
রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণ, শহরের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্বে সকল শিক্ষার্থীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ডিএসসিসির সাপ্তাহিক 'ক্লিনিং ডে' এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে।
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে ডিএসসিসির পক্ষ থেকে ২০০টি ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছে বলে জানান প্রশাসক। প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের আশ্বাসও প্রদান করেন তিনি। অনুষ্ঠানে ডিএসসিসি ও ঢাবি ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও ফগার মেশিন বিতরণ কার্যক্রমের প্রশংসা করে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি এলাকা থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়, যেখানে স্থাপিত ওয়েস্ট বিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
একইভাবে রাজধানীর মুগদায় 'ক্লিনিং ডে' উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সমাবেশেও অংশ নেন ডিএসসিসি প্রশাসক। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অতিথিরা মান্ডা খাল পরিদর্শন এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এছাড়া হায়দার আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র্যালি পরিচালিত হয়েছে, যেখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় জনগণ ও নেতারা অংশ নিয়েছেন।
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত