
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুয়াং ক্লাবে যৌথ অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাবটিতে এই অভিযান শুরু হয়। ক্লাবটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন।
দীর্ঘদিন ধরেই এই ক্লাব ও বারের বিরুদ্ধে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে। এই একই অভিযোগে ২০১৯ সালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবটিতে অভিযান চালিয়েছিল। তবে শনিবারের এই অভিযানের সুনির্দিষ্ট কারণ বা এতে এখন পর্যন্ত কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এসআরবি-১ এর ওই অভিযানে শেখ নূর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়। ওই চারটি গুদামের মধ্যে দুটি বৈধ হলেও বাকিগুলোতে অননুমোদিতভাবে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগ পাওয়া গেছে।